গাজীপুরের কালীগঞ্জে পারিবারিক কলহের জেরে আব্দুল মজিদ (৬৫) নামের এক কলা ব্যবসায়ীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মেয়ের জামাই মোজাম্মেলের বিরুদ্ধে।
শুক্রবার বিকেলে উপজেলার জামালপুর বাজারে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আব্দুল মজিদ কালীগঞ্জ উপজেলার মধ্যপাড়া গ্রামের মৃত আলকু মোরেলের ছেলে। অভিযুক্ত অভিযুক্ত মোজাম্মেল একই এলাকার নোয়াব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার প্রায় ৭ দিন আগে মোজাম্মেল তার স্ত্রী ও নিহতের মেয়ে শাহানাজকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। এরই জেরে শুক্রবার বিকেলে মোজাম্মেল তার শ্বশুর আব্দুল মজিদকে ‘কথা আছে’ বলে ফোন করে জামালপুর বাজারে ডেকে নেন। সেখানে পৌঁছানোর পর উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মোজাম্মেল তার সাথে থাকা ব্রিফকেস থেকে কুড়াল বের করে শ্বশুরের মাথার পেছনে সজোরে কোপ দিয়ে দ্রুত পালিয়ে যান।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আব্দুল মজিদকে উদ্ধার করে প্রথমে স্থানীয় নোভা জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. জিয়াউর রহমান জানান, মাথার পেছনে গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিল, তবে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় ময়নাতদন্ত ও নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পলাতক অভিযুক্ত মোজাম্মেলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ডিবিসি/আরএসএল