গাজীপুরের শ্রীপুরে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ‘পিস্তল’ প্রদর্শন করে আতঙ্ক ছড়ানোর অভিযোগে মো. ইমন (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই একই ‘পিস্তল’ দেখিয়ে স্ত্রীকে ভয়ভীতি প্রদর্শন এবং যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ এই গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছে। গ্রেপ্তারকৃত ইমন শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের দায়পাড়া এলাকার রিপন মিয়া ও শামীমা দম্পতির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি ইমন নিজের টিকটক আইডিতে একটি ‘পিস্তল’ প্রদর্শনের ভিডিও প্রচার করেন। বিষয়টি গাজীপুর জেলা পুলিশের নজরে এলে সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে শ্রীপুর থানা পুলিশের একটি দল ইমনের বাড়িতে অভিযান চালায়। এ সময় ভিডিওতে প্রদর্শিত পিস্তলটি উদ্ধার করা হয়। তবে পরে পরীক্ষা করে দেখা যায়, উদ্ধারকৃত বস্তুটি কোনো আসল আগ্নেয়াস্ত্র নয়, বরং এটি একটি ‘পিস্তল সদৃশ লাইটার’।
অভিযোগ রয়েছে, এই লাইটার দেখিয়েই ইমন এলাকায় ভীতি সৃষ্টি করতেন এবং স্ত্রীকে নিয়মিত ভয় দেখিয়ে যৌতুক দাবি করতেন। এ ঘটনায় তার স্ত্রী মোছা. তাহমিনা (২২) বাদী হয়ে শ্রীপুর থানায় যৌতুকের দাবিতে মারধর ও নির্যাতনের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, টিকটকে অস্ত্রসদৃশ লাইটার দেখিয়ে ভিডিও প্রচারের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তি এলাকায় আতঙ্ক ছড়াতেন। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডিবিসি/আরএসএল