মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে নবনির্মিত দেশের সর্বোচ্চ পতাকাস্তম্ভ (ফ্ল্যাগপোল) ‘চির উন্নত বিজয় নিশান’ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ আনুষ্ঠানিকভাবে এই পতাকাস্তম্ভের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মহাপরিচালক স্মরণ করেন, ভাষা শহীদ আব্দুল জব্বার এই বাহিনীর একজন গর্বিত প্লাটুন কমান্ডার ছিলেন। ভাষার মর্যাদা রক্ষায় তাঁর এই মহান আত্মত্যাগ বাহিনীর প্রতিটি সদস্যের জন্য দেশপ্রেমে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত হওয়ার পাথেয়।
তিনি বলেন, ‘চির উন্নত বিজয় নিশান’ আমাদের গৌরবময় ইতিহাস ও দায়িত্বশীল ভবিষ্যতের প্রতীক, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকার শপথ করাবে। ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে তিনি আনসার-ভিডিপি সদস্যদের প্রতি আহ্বান জানান।
একাডেমি প্রাঙ্গণে স্থাপিত দেশের সর্বোচ্চ এই পতাকাস্তম্ভটির উচ্চতা ১২০ ফুট। এতে উত্তোলিত জাতীয় পতাকার দৈর্ঘ্য ২৮ ফুট এবং প্রস্থ ১৬ দশমিক ৮ ফুট। স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মহান মুক্তিযুদ্ধের চিরন্তন প্রতীক হিসেবে এটি জাতির গৌরবগাথা বহন করছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ এবং আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) ও উপমহাপরিচালক মোহাম্মদ নুরুল আবছারসহ বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ডিবিসি/আরএসএল