জেলার সংবাদ

গাজীপুর সাফারি পার্কে একদিনের ব্যবধানে মারা গেল ২টি হাতি

গাজীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হাতি ‘রাজু বাহাদুর’ আর বেঁচে নেই। গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্কে প্রায় আড়াই মাস ধরে এর চিকিৎসা চলছিল। এ ছাড়া পরপর ২দিনে মারা গেছে রাজু বাহাদুরসহ ২টি হাতি।

বুধবার (১২ আগস্ট) দুপুরে রাজু বাহাদুর ও অপর হাতির মৃত্যুর বিষয়টি ডিবিসি নিউজকে নিশ্চিত করেন গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান। তার দেওয়া তথ্য অনুযায়ী, গত ৭ আগস্ট রাজু বাহাদুরকে মৃত অবস্থায় পাওয়া যায়। এর আগের দিন ৬ আগস্ট অপর একটি হাতির মৃত্যু হয়েছে।


খোঁজ নিয়ে জানা গেছে, গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্কে অসুস্থ অবস্থায় থাইল্যান্ডের বিশেষজ্ঞ চিকিৎসকসহ দেশি-বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে রাজু বাহাদুরের চিকিৎসা চলছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট সকালে পার্কের হাতিশালায় রাজু বাহাদুরকে মৃত অবস্থায় দেখতে পান কর্মীরা। এর আগের দিন পূর্ণবয়স্ক অপর হাতিটি ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিল।


পার্ক কর্তৃপক্ষ আরও জানায়, গত ২৪ মে হাতিশালায় শিকলে বাঁধা অবস্থায় রাজু বাহাদুরের ওপর পার্কের অন্য একটি হাতি আক্রমণ করে। আক্রমণের ধাক্কায় সে মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে ক্রেনের সাহায্যে তাকে সেখান থেকে সরিয়ে বালুর ওপর রাখা হয়। চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হন, তার একটি পা ভেঙে গেছে। অন্য একটি পায়েও গুরুতর আঘাত ছিল। আহত হওয়ার পর থেকেই রাজু বাহাদুর দাঁড়াতে পারছিল না। শুয়ে থাকা অবস্থায় তাকে খাবার হিসেবে আখসহ অন্যান্য খাবার দেওয়া হচ্ছিল। পরিস্থিতি সংকটজনক হওয়ায় গত ৪ জুন থাইল্যান্ড থেকে বিশেষজ্ঞ বন্যপ্রাণী চিকিৎসকদের আনা হয়। পাশাপাশি দেশের অভিজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত একাধিক মেডিকেল বোর্ডের পরামর্শ ও তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। শ্রীলঙ্কার চিকিৎসকদের সঙ্গেও পরামর্শ করা হয়েছিল।


সাফারি পার্কের বন্যপ্রাণী চিকিৎসক হাতেম সাজ্জাদ মো. জুলকার নাইন বলেন, ‘রাজু বাহাদুরের একটি পা ভেঙে যাওয়ায় সে দাঁড়াতে পারছিল না। তার শারীরিক অবস্থা ভালো ছিল না এবং সার্বক্ষণিক চিকিৎসা দেওয়া হচ্ছিল।’


বন বিভাগের একটি সূত্র জানায়, ২০২৫ সালের জানুয়ারি মাসে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট নারায়ণগঞ্জ থেকে রাজু বাহাদুরকে উদ্ধার করে। মো. আতিকুর রহমান নামের এক ব্যক্তির মালিকানাধীন হাতিটিকে রাস্তাঘাট ও বিভিন্ন বাজারে মানুষের কাছ থেকে চাঁদা আদায়ের কাজে ব্যবহার করা হতো বলে অভিযোগ ছিল। পরে অভিযান চালিয়ে হাতিটিকে উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কে নেওয়া হয়। উদ্ধারের সময় তার বয়স ছিল প্রায় ৯ বছর।


সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান বলেন, ‘হাতিশালায় হাতিদের মধ্যে মাঝেমধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। অন্য একটি হাতির ধাক্কায় রাজু বাহাদুর মাটিতে পড়ে গিয়ে পায়ে গুরুতর আঘাত পেয়েছিল। এরপর দেশি-বিদেশি চিকিৎসকদের মাধ্যমে তার চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।’ তিনি আরও জানান, এর আগের দিন ৬ আগস্ট ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ থাকা অন্য একটি হাতি মারা যায়। দুটি হাতির মৃত্যুর পর এগুলোর দেহের নমুনা ল্যাবে পাঠানো হয়েছে। পরে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে হাতি দুটিকে পার্কের ভেতরে মাটিচাপা দেওয়া হয়।


বর্তমানে সাফারি পার্কে হাতির সংখ্যা ৮টি।
 

আরও পড়ুন