বাংলাদেশ, শিক্ষা

গান গেয়ে ভাইরাল ঢাবি শিক্ষককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি

ঢাবি প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সামাজিক যোগাযোগমাধ্যমে গান গেয়ে আলোচনায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলা বিভাগের একাডেমিক কাউন্সিলের দেওয়া সুপারিশের ভিত্তিতে সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট এই সিদ্ধান্ত অনুমোদন করে।

 

সম্প্রতি শাহ আব্দুল করিম, জেমস এবং ফজলুর রহমান বাবুসহ বিভিন্ন শিল্পীর জনপ্রিয় গান গেয়ে ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হন অধ্যাপক তাশরিক-ই-হাবিব। তার গাওয়া ভিডিওগুলো দ্রুত ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মাঝে সমালোচনা ও আগ্রহের সৃষ্টি হয়। তবে ঠিক কোন সুনির্দিষ্ট অভিযোগ বা কারণে তাকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং এই অব্যাহতির মেয়াদ কতদিন, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। 

 

এ বিষয়ে বক্তব্য জানতে অধ্যাপক তাশরিক-ই-হাবিবের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনও বিস্তারিত মন্তব্য করা থেকে বিরত থেকেছে।

 

এদিকে, একই সিন্ডিকেট সভায় জুলাই অভ্যুত্থান চলাকালে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড ও শিক্ষার্থীদের হুমকি দেওয়ার অভিযোগের ভিত্তিতে তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া ওই শিক্ষকরা হলেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক নাজমুল আহসান কলিম উল্লাহ, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন এবং ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এছাড়া একই সভায় জুলাই অভ্যুত্থান-সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে উদ্ভিদবিজ্ঞান বিভাগের একজন শিক্ষককেও একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন