রাজধানী

গুজব ও ডিপফেইক মোকাবিলায় সাংবাদিকদের এআই দক্ষতা জরুরি: মিল্টন

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গুজব, অপতথ্য ও ডিপফেইকের বর্তমান সময়ে সাংবাদিকদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এবং ফ্যাক্ট-চেকিং সম্পর্কে দক্ষ হওয়া অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর এই সময়ে শুধু সংবাদ সংগ্রহ নয়, তথ্য যাচাইয়ের সক্ষমতাও সাংবাদিকতার একটি গুরুত্বপূর্ণ অংশ। দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমেই সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব।

শুক্রবার (৮ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত সাত দিনব্যাপী ‘AI-Powered Journalism: Opportunities, Risks and Digital Security’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এই কর্মশালায় গত সাত দিনে বিভিন্ন ব্যাচে মোট ৬০০ সদস্য অংশ নেন। কর্মশালাটির আয়োজনে ডিআরইউকে সহযোগিতা করেছে এক্সওয়াইজেড ক্লাউড বাংলাদেশ এবং গেমপ্লিফাই।

 

সমাপনী দিনে প্রধান অতিথি শফিকুল ইসলাম খান মিল্টন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এ সময় তিনি তথ্য বিকৃতি ও অপতথ্য প্রতিরোধে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, অতীত থেকে শুরু করে ভবিষ্যতেও তিনি ডিআরইউর পাশে থাকবেন। বিভিন্ন সময়ে সাংবাদিকরা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে তাকে নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় সহায়তা করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন। তিনি বলেন, এআই-এর ব্যবহার ইতিবাচক ও নেতিবাচক- দুইভাবেই হতে পারে। সমাজ ও মানুষের কল্যাণে এআইকে কাজে লাগাতে পারলেই সাংবাদিকতা আরও শক্তিশালী ও কার্যকর হয়ে উঠবে।

 

ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, বর্তমান সাংবাদিকতায় এআই শুধু একটি প্রযুক্তি নয়, এটি কাজের গতি, নির্ভুলতা ও বিশ্লেষণক্ষমতা বাড়ানোর গুরুত্বপূর্ণ হাতিয়ার। 

 

সাত দিনের এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাতে-কলমে চ্যাটজিপিটি, জেমিনি, গুগল এআই স্টুডিও এবং নোটবুকএলএম-সহ বিভিন্ন আধুনিক এআই টুলের ব্যবহার শেখানো হয়। এতে কার্যকর প্রম্পটিং, ডেটা সাংবাদিকতা, তথ্য বিশ্লেষণ, ফ্যাক্ট-চেকিং এবং ডিপফেইক শনাক্তকরণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। দীর্ঘ অডিও, ভিডিও বা পিডিএফ থেকে দ্রুত তথ্য বের করে সংবাদ প্রস্তুত করার বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন সংবাদকর্মীরা।

 

গেমপ্লিফাইয়ের কর্মকর্তা ইমাম হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরইউর সহ-সভাপতি মেহ্দী আজাদ মাসুম, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, সাংগঠনিক সম্পাদক এম এম জসিম, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য আকতার হোসেন, আল আমিন আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ ও প্রশিক্ষণার্থী সাংবাদিকরা।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন