আসন্ন বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতিটা দারুণভাবেই সেরে নিচ্ছে ব্রাজিল। রিও ডি জেনেরিওর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে এক প্রীতি ম্যাচে পানামার বিপক্ষে গোল উৎসব করে ৬-২ ব্যবধানের বড় জয় পেয়েছে সেলেসাওরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা ব্রাজিল দ্বিতীয় মিনিটেই ভিনিসিয়ুস জুনিয়রের গোলে এগিয়ে যায়। তবে খেলার ধারার বিপরীতে পানামার মাইকেল মুরিলোর একটি ফ্রি-কিক ব্রাজিলের মাথিউস কুনহার গায়ে লেগে জালে জড়ালে সমতা ফেরে ম্যাচে। অবশ্য সেই ধাক্কা দ্রুত সামলে নিয়ে অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরোর দুর্দান্ত গোলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা।
বিরতির পর পানামার রক্ষণভাগকে রীতিমতো ধসিয়ে দেন ব্রাজিলের ফরোয়ার্ডরা। প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে গোল করেন তরুণ তুর্কি রায়েন। এরপর লুকাস পাকেতার একটি শট পানামার কর্দোবার গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। ম্যাচের শেষের দিকে পেনাল্টি থেকে ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে দলের পঞ্চম গোলটি করেন ইগর থিয়াগো। এরপর ডি-বক্সে চমৎকার এক টার্ন ও দারুণ ফিনিশিংয়ে শেষ পেরেকটি ঠোকেন ডিফেন্ডার দানিলো। পুরোপুরি কোণঠাসা হয়ে পড়লেও এর মাঝে পানামার হার্ভে একটি চোখধাঁধানো দূরপাল্লার শটে দলের দ্বিতীয় গোলটি করেন।
আগামী ১৪ জুন ‘সি’ গ্রুপে থাকা মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা। এরপর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ২০ জুন হাইতি এবং শেষ ম্যাচে ২৫ জুন স্কটল্যান্ডের মুখোমুখি হবে সেলেসাওরা।
ডিবিসি/এফএইচআর