আন্তর্জাতিক, এশিয়া

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানের চার প্রদেশে আরও ১৪ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের চারটি আলাদা প্রদেশ থেকে মার্কিন ও জায়নবাদী শত্রুপক্ষের হয়ে কাজ করা ১৪ জন গুপ্তচর এবং সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যকে গ্রেপ্তারের তথ্য জানিয়ছেে দেশটির গোয়েন্দা মন্ত্রণালয়। বিচারিক আদেশের ভিত্তিতে কেরমানশাহ, আলবোর্জ, ফার্স ও কেরমান প্রদেশে একযোগে অভিযান চালিয়ে এই গুপ্তচরদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়।

দেশের গুরুত্বপূর্ণ সামরিক, বেসামরিক এবং জ্বালানি অবকাঠামোতে আঘাত হানার একটি গভীর ষড়যন্ত্র নস্যাৎ করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।

 

গোয়েন্দা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কেরমানশাহ প্রদেশ থেকে একটি সশস্ত্র সন্ত্রাসী দলের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক, হাতে তৈরি বোমা, বোমা তৈরির ফিউজ, একটি হ্যান্ডগান এবং তিনটি স্টারলিংক ডিভাইস জব্দ করা হয়। চাঞ্চল্যকর বিষয় হলো, এ অপারেশনাল সেলটি জার্মানি প্রবাসী এক ব্যক্তির সরাসরি নির্দেশে পরিচালিত হচ্ছিল এবং প্রদেশের গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও গণমাধ্যম কেন্দ্রগুলোতে ভয়াবহ হামলা চালানোর পরিকল্পনা ছিল তাদের।

 

অন্যদিকে, আলবোর্জ প্রদেশ থেকে গ্রেপ্তার হওয়া ৫ গুপ্তচর মূলত সামরিক কেন্দ্রগুলোর তথ্য সংগ্রহে নিয়োজিত ছিল। তারা সংবেদনশীল সামরিক এলাকাগুলোর ছবি তুলে এবং হামলার সম্ভাব্য ছক কষে শত্রুপক্ষের কাছে পাচার করত। তাদের কাছ থেকে নিরাপত্তা বেষ্টনী কাটার বিশেষ সরঞ্জাম এবং নিরাপত্তা বাহিনীর ভুয়া নির্দেশনামা উদ্ধার করা হয়েছে। 

 

এছাড়া, কেরমান প্রদেশ থেকে গ্রেপ্তার হওয়া চারজন সরাসরি জায়নবাদী মদদপুষ্ট গণমাধ্যম সদর দপ্তর 'ইরান ইন্টারন্যাশনাল টিভি'-এর সাথে যুক্ত ছিল বলে জানিয়েছে গোয়েন্দা সূত্র। তারা ইরানি সামরিক ও নিরাপত্তা বাহিনীর বিভিন্ন অবস্থানের সুনির্দিষ্ট ঠিকানা ওই টিভি নেটওয়ার্কে সরবরাহ করার কাজে জড়িত ছিল।

 

এর পাশাপাশি, ফার্স প্রদেশ থেকে আরও এক গুপ্তচরকে গ্রেপ্তার করা হয়েছে, যার মূল লক্ষ্য ছিল দেশের জ্বালানি খাত। ওই ব্যক্তি ইরানের তেল শোধনাগারগুলোর অবস্থান, সক্ষমতা ও সম্ভাবনার বিস্তারিত তথ্য সংগ্রহ করে মার্কিন-জায়নবাদী শত্রুদের কাছে পাঠাত। এমনকি, দেশের গুরুত্বপূর্ণ বেসামরিক ও জ্বালানি অবকাঠামোতে নিখুঁত হামলার সুবিধার জন্য সে শত্রুদের কাছে সুনির্দিষ্ট স্থানাঙ্ক বা কোঅর্ডিনেটস সরবরাহ করেছিল বলে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

 

তথ্যসূত্র: তাসনিম নিউজ এজেন্সি

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন