গোপালগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগের প্রায় ১২'শ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। বুধবার (৩ মে) দুপুরে উপজেলার নিজড়া ইউনিয়নের জাঙ্গাল বাজার এলাকায় গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. কে এম বাবরের হাতে ফুল দিয়ে তারা বিএনপিতে যোগ দেন।
দলীয় সূত্রে জানা যায়, নিজড়া মধ্যপাড়া এলাকার আওয়ামী লীগ নেতা ছনোয়ার হোসেন মোল্লা ও নূর ইসলাম শেখের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. কে এম বাবর। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেনিন, ফজলুল কবির দ্বারা, পৌর বিএনপির সভাপতি শেখ হাসিবুর রহমান, বিএনপি নেতা এস এম জিয়াউল কবির বিপ্লব, সাজ্জাদ হোসেন হীরা, যুবদল নেতা রাজিব বিশ্বাস, ছাত্রদল নেতা সাইফুল ইসলামসহ বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশ নেন। এ সময় সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে অভিজ্ঞ ও জনপ্রিয় ব্যক্তিরা বিএনপিতে যোগদান করলে আমরা তাদের স্বাগত জানাই।
ডিবিসি/এসএফএল