গোপালগঞ্জে চাঞ্চল্যকর অটোরিক্সা চালক আবির সাহা (১৫) হত্যার রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। ব্যাটারি চালিত রিক্সা ছিনতাইয়ের উদ্দেশ্যে মাদকসেবী তিন বন্ধু মিলে আবিরকে শ্বাসরোধে হত্যা করে এবং পরিচয় গোপন করতে তার মুখমণ্ডল এসিড দিয়ে ঝলসে দেয়। গত শনিবার রাতে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই লোমহর্ষক হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত ১২ মার্চ ঘোষেরচর গ্রামের সিহাব শেখকে গ্রেপ্তার করা হয়। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তার তথ্যের ভিত্তিতে অপর সহযোগী সাইফুল ইসলাম শেখ ওরফে রসুলকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা সবাই পরস্পর বন্ধু এবং নিয়মিত মাদক সেবন করত।
গত ৩০ নভেম্বর আবিরের রিক্সাটি ছিনতাই করার পরিকল্পনা করে তারা আবিরকে ইয়াবা সেবনের প্রলোভন দেখিয়ে ঘোষেরচর উত্তরপাড়ার একটি বাঁশ বাগানে নিয়ে যায়। সেখানে সবাই মিলে ইয়াবা সেবনের একপর্যায়ে পলাতক এক আসামি রিক্সার ব্যাটারি খোলার চেষ্টা করলে আবির বাধা দেয়। তখন আসামিরা আবিরের মুখ চেপে ধরে এবং জ্যাকেটের ফিতা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর পরিচয় আড়াল করতে রিক্সার ব্যাটারির এসিড দিয়ে আবিরের মুখ ঝলসে দেওয়া হয়। এরপর তারা রিক্সাটি নিয়ে গিয়ে বিভিন্ন পার্টস খুলে বিক্রি করে দেয় এবং টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেয়।
তদন্তকারী কর্মকর্তা এসআই নয়ন কুমার সাহা তথ্যপ্রযুক্তির সহায়তায় জানতে পারেন যে আসামিরা মোবাইল ফোন ব্যবহার করে না। পরবর্তীতে সোর্সের মাধ্যমে নিশ্চিত হয়ে সিহাবকে গ্রেপ্তারের পর পুরো ঘটনার জট খোলে। পুলিশ সিহাবের দেওয়া তথ্যানুযায়ী ছিনতাইকৃত রিক্সার দুটি ব্যাটারি উদ্ধার করেছে। নিখোঁজের সাত দিন পর গত ৬ ডিসেম্বর আবিরের মরদেহ উদ্ধার করা হয়েছিল এবং ওই রাতেই তার মা অনিতা বালা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন। বর্তমানে পুলিশ ঘটনায় জড়িত পলাতক অপর আসামিকে গ্রেপ্তার এবং রিক্সার বাকি অংশ উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে।
ডিবিসি/টিবিএ