গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক গৃহবধূকে অপহরণের পর একটি বাড়িতে আটকে রেখে আট দিন ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন ওই গৃহবধূ।
রোববার (৩০ আগস্ট) ধর্ষণের শিকার গৃহবধূ বাদী হয়ে কোটালীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ২২ আগস্ট ওই গৃহবধূ কান্দি ইউনিয়নের বরইভিটা গ্রামে তার স্বামীর বাড়ি থেকে ধারাবাশাইল গ্রামে বাবার বাড়িতে যাচ্ছিলেন।
পথে ধারাবাশাইল বাজারের তিন রাস্তার মোড়ে পৌঁছালে পার্শ্ববর্তী পূর্ববতী গ্রামের জয়নুদ্দিন হাওলাদারের ছেলে নাজমুল হাওলাদার (৩১) কয়েকজনের সহায়তায় তাকে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
পরে বাজারসংলগ্ন একটি বাড়িতে ওই গৃহবধূকে আটকে রেখে আট দিন ধরে ধর্ষণ করা হয় বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।
ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় কোটালীপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে গৃহবধূকে উদ্ধার করে। পরে তাকে চিকিৎসার জন্য কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় অভিযুক্ত নাজমুল হাওলাদারকে আসামি করে রোববার কোটালীপাড়া থানায় মামলা দায়ের করেন ধর্ষণের শিকার ওই গৃহবধূ।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ‘এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে কোটালীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। আমরা আসামি নাজমুল হাওলাদারকে গ্রেপ্তারের চেষ্টা করছি।
তিনি আরও জানান, ধর্ষণের শিকার গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।