বাংলাদেশ, জেলার সংবাদ

গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাক ও মোটরসাইকেলের ভয়াবহ সংঘর্ষে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের রিশাতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো মুকসুদপুর এস.জে সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র রাফসান রাফি (১৬) ও তার সহপাঠী অনুজ মজুমদার (১৬)। রাফসান মুকসুদপুর পৌরসভার দক্ষিণ চন্ডিবরদী এলাকার জাহিদ মিয়ার ছেলে এবং অনুজ শিমুলশুর গ্রামের শিশির মজুমদারের ছেলে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই কিশোর গুরুতর আহত হয়। 

 

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক রাফসান রাফিকে মৃত ঘোষণা করেন।

 

অন্যদিকে, গুরুতর আহত অনুজ মজুমদারকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।দুই মেধাবী শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। 

 

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ঘাতক ট্রাকটিকে শনাক্তের চেষ্টা চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন