জেলার সংবাদ

গোপালগঞ্জে তেল মাপে কারচুপির দায়ে দুই পাম্পকে ৬০ হাজার টাকা জরিমানা

গোপালগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জ্বালানি তেল পরিমাপে কারচুপির অভিযোগে গোপালগঞ্জের মুকসুদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি ফিলিং স্টেশনকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) এ অভিযান চালানো হয়। অভিযানে উপজেলার 'মা ফিলিং স্টেশন' ও 'রিশাতলা ফিলিং স্টেশন'-এ অকটেন, ডিজেল ও পেট্রল সরবরাহে মাপে কম দেওয়ার বিষয়টি হাতেনাতে ধরা পড়ে।


পরিমাপে কারচুপির মাধ্যমে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করার অপরাধে 'ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮'-এর ৪৬ ধারায় এ জরিমানা করা হয়। এর মধ্যে 'মা ফিলিং স্টেশন'কে ১০ হাজার টাকা এবং 'রিশাতলা ফিলিং স্টেশন'কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুকসুদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবিরুল ইসলাম।


অভিযান শেষে তিনি জানান, জনস্বার্থে ও ভোক্তাদের সঠিক পরিমাণে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি দেশের প্রচলিত আইন মেনে সততার সঙ্গে ব্যবসা পরিচালনার জন্য সংশ্লিষ্ট সব ব্যবসায়ী ও প্রতিষ্ঠানকে নির্দেশ দেন।

 

ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন