জেলার সংবাদ

গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর নদী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গোপালগঞ্জে নিখোঁজ হওয়ার দুই দিন পর মধুমতি নদী থেকে নাফিস আশরাফ (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার গোবরা চৌধুরীপাড়া এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নাফিস আশরাফ গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর ইসলামপাড়া এলাকার আশরাফুল ইসলাম শরীফের ছেলে। তিনি ঢাকার গ্রিন ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে নাফিস পরিবারের কাউকে কিছু না জানিয়ে নিজের মোবাইল ফোন বাসায় রেখেই বের হয়ে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিখোঁজের সংবাদ প্রচার করেছিলেন।

 

শুক্রবার বিকেলে গোবরা চৌধুরীপাড়া এলাকায় মধুমতি নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানা পুলিশ সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

 

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ নাফিস আশরাফের বলে পরিবার শনাক্ত করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

ডিবিসি/এসডব্লিউএন
 

আরও পড়ুন