গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের তিন দিন পর মো. জিন্দার আলী শেখ (৭০) নামে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ডাঙ্গা দুর্গাপুর গ্রামের নিজ বাড়ির পাশের একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জিন্দার আলী শেখ ওই গ্রামের মৃত জানু শেখের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে জিন্দার আলী বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। পরবর্তীতে ৬ সেপ্টেম্বর তাঁর ছেলে মো. ওবাইদুল ইসলাম শেখ মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে বাড়ির পাশের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পরিবারকে খবর দেন। স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহটি নিখোঁজ জিন্দার আলীর বলে শনাক্ত করেন। খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা ৬টার দিকে মরদেহটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ডিবিসি/হাদী