গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুতের তারের লিকেজ থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. বশার মিনা (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পিংগুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত বশার মিনা ওই গ্রামের মৃত বাবু মিনার ছেলে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে নিজ বাড়িতে টিনের চালের কাছে কাজ করছিলেন বশার মিনা। এ সময় হঠাৎ করে বিদ্যুতের তারের লিকেজের সংস্পর্শে এসে তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
এ বিষয়ে ওসি মো. মাহফুজুর রহমান জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
ডিবিসি/এমএনকে