গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের টুঙ্গিপাড়া উপজেলার মালেকের বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। আজ বুধবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ সকালে পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘ইমাদ পরিবহন’-এর একটি বাস অতিরিক্ত গতিতে চলছিল। মালেকের বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ বাসটির সামনের চাকা ফেটে যায়। এতে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।
ডিবিসি/পিআরএএন