বাংলাদেশ, জেলার সংবাদ

গোপালগঞ্জে বাস ও ইজিবাইকের সংঘর্ষ, শিশু নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গোপালগঞ্জ সদর উপজেলার ফকিরকান্দি এলাকায় যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সামিউল আলিম মোল্লা নামে তিন বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

এ ঘটনায় ইজিবাইকের আরও পাঁচ যাত্রী গুরুতর আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইজিবাইকটি গোপালগঞ্জ শহর থেকে যাত্রী নিয়ে আড়পাড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ফকিরকান্দি এলাকায় ইজিবাইকটি মোড় নিতে গেলে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ইমাদ পরিবহনের একটি দ্রুতগতির বাস সেটিকে ধাক্কা দেয়। 

 

এতে ঘটনাস্থলেই শিশু সামিউল প্রাণ হারায়। নিহত সামিউল সদর উপজেলার মালেঙ্গা গ্রামের ইয়াসিন মোল্লার ছেলে। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।

 

আহত পাঁচজনকে তাৎক্ষণিকভাবে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন