গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভিমরুলের কামড়ে আমির হামজা নামের চার বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৯ জুন) বিকেলে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
নিহত শিশু আমির হামজা কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের লাখির পাড় গ্রামের শুকুর আলীর ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শিশু আমির হামজাকে তার মায়ের সঙ্গে নিয়ে বাড়ির পাশের একটি মৎস্য ঘেরে ছাগল আনতে। পরে হঠাৎ করে এক দল ভিমরুল শিশু হামজা ও তার মায়ের ওপর আক্রমণ করে। এসময় ভিমরুলের আক্রমণের শিকার হয়ে তাদের চিৎকারে স্বজন এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন।
পরে তাদেরকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে কিছুটা সুস্থ মনে হওয়ায় দুপুরের দিকে স্বজনরা আমির হামজাকে বাড়িতে নিয়ে গেলেও বিকালে আবার অসুস্থ হয়ে পরে।
পরে আবারো কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু আমির হামজাকে মৃত ঘোষণা করেন।
ডিবিসি/এমএনকে