গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একটি ভ্যান থেকে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমারের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করেছেন স্থানীয়রা। এ ঘটনায় ভ্যানচালককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার বাগলবাড়ী এলাকায় সন্দেহজনকভাবে একটি ভ্যান যেতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে ভ্যানটি থামিয়ে তল্লাশি চালালে সেটিতে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমারের বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পাওয়া যায়।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ভ্যানচালককে আটক করে কোটালীপাড়া থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভ্যানসহ ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়। আটক ভ্যানচালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব যন্ত্রাংশ চুরি করে অন্যত্র বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। উদ্ধার হওয়া যন্ত্রাংশগুলো পল্লী বিদ্যুতের কি না, তা যাচাই করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা পল্লী বিদ্যুতের সম্পদ রক্ষায় আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।
ডিবিসি/কেএলডি