বাংলাদেশ, জেলার সংবাদ

গোপালগঞ্জে মনোনয়নপত্র নিতে এসে ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ২৪শে ডিসেম্বর ২০২৫ ১২:০৯:২১ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করতে এসে গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক এক নেতা।

মঙ্গলবার (২৩শে ডিসেম্বর) দুপুরে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য তাপস হালদারকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে বলে কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহামুদ নিশ্চিত করেছেন।

 

তাপস ২০০৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। তিনি উপজেলার কলাবাড়ী ইউনিয়নের কুমারকান্দি গ্রামের হরেকৃষ্ণ হালদারের ছেলে।

 

তাপস হালদারের প্রধান নির্বাচনি এজেন্ট হরিদাস মজুমদার নয়ন বলেন, “সকাল সাড়ে ১১টার দিকে আমরা পাঁচ-সাতজন মিলে মনোনয়নপত্র সংগ্রহের জন্য কোটালীপাড়া ইউএনও কার্যালয়ে যাই। এরপর পুলিশ এসে তাপস হালদারকে গ্রেপ্তার করে নিয়ে যায়।” তিনি আরও বলেন, “তাপস ১৭ বছর কোনো রাজনৈতিক পদে ছিলেন না। আমাদের জানা মতে, তার নামে আগে কোনো মামলা ছিল না। 

 

তাপস হালদারের এলাকায় জনপ্রিয়তা আছে; যদি নির্বাচন করতে পারেন, তবে তা প্রমাণিত হবে।” হরিদাস মজুমদার বলেন, “তারপরও আমরা মনোনয়নপত্র সংগ্রহ করার চেষ্টা করছি। মনোনয়নপত্র সংগ্রহ করতে পারলে তা দাখিল করা হবে।”

 

কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহামুদ বলেন, “দুপুরের দিকে উপজেলা শহরের পশ্চিমপাড় এলাকা থেকে তাপস হালদারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পয়সারহাট-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কে উপজেলার ওয়াপদার হাট এলাকায় নাশকতা সৃষ্টির মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

 

উল্লেখ্য, চলতি বছরের ১৬ই জুলাই এনসিপির ‘গোপালগঞ্জ রোডমার্চ’ ঠেকাতে পয়সারহাট-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কের ওয়াপদার হাট এলাকায় গাছ ফেলে বিক্ষোভ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে জনমনে ভীতি সৃষ্টি ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন