জেলার সংবাদ

গোপালগঞ্জে মাদ্রাসা থেকে ২ শিক্ষার্থী নিখোঁজ

গোপালগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা মাদ্রাসার দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরের পর কাউকে কিছু না বলে তারা মাদ্রাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে তাদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ হওয়া ওই দুই শিক্ষার্থী হলো গোপালগঞ্জ সদর উপজেলার মাটলা গ্রামের নূর মো. সমাদ্দারের ছেলে ইমাম সমাদ্দার (১৩) এবং একই উপজেলার সোনাকুড় গ্রামের বাসিন্দা তামিম (১৮)। নিখোঁজ হওয়ার সময় তাদের দুজনের পরনেই পাঞ্জাবি ও পায়জামা ছিল।

 

গোবরা মাদ্রাসার শিক্ষা সচিব মো. সাইদুর রহমান জানান, সোমবার দুপুরের দিকে ওই দুই শিক্ষার্থী কাউকে কিছু না বলে মাদ্রাসা থেকে বের হয়ে যায়। পরে দীর্ঘ সময় পার হলেও তারা ফিরে না আসায় দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়। আজ মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা মাদ্রাসায় যোগাযোগ করে জানান যে, ওই দুই শিক্ষার্থী বাড়িতেও যায়নি। বর্তমানে মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের নিজেদের উদ্যোগে খোঁজখবর নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

এদিকে নিখোঁজ ইমামের সহপাঠী মো. আবু সালেহ জানায়, ‘ইমাম প্রায় সময়ই আমাদের বলতো তার মাদ্রাসায় পড়তে ভালো লাগে না, সে বাড়িতে গিয়ে কাজ করতে চায়। গতকাল সোমবার তামিম আমাদের রুমে আসে। পরে ইমাম ও তামিম শহরে যাওয়ার কথা বলে ব্যাগ নিয়ে একসাথেই বের হয়ে যায়।’

 

ইমামের খালাতো ভাই শরীফ রায়হান বলেন, ‘মাদ্রাসা কর্তৃপক্ষের কাছ থেকেই আমরা প্রথম জানতে পারি যে ইমাম দুপুরের পর মাদ্রাসা থেকে বের হয়ে গেছে। এরপর তারা আর বাড়িতে ফিরে আসেনি। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।’

 

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘দুই শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে তাদের পরিবার বা মাদ্রাসা কর্তৃপক্ষ এখন পর্যন্ত পুলিশকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’

 

ডিবিসি/এমএনকে

 

আরও পড়ুন