বাংলাদেশ, জেলার সংবাদ

গোপালগঞ্জে মোকলেছ মোল্যা নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

গোপালগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১লা জানুয়ারী ২০২৬ ১২:৪২:০৮ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মোকলেছ মোল্যা (৪৩) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল বুধবার (৩১শে ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার তারাইল গ্রামের নাজিরের মোড় এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মোকলেছ মোল্যা ওই গ্রামেরই বাসিন্দা আবুল কালাম মোল্যার ছেলে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় মোকলেছ মোল্যা তারাইল বাজার থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি সাকিব নামের স্থানীয় এক যুবকের মোটরসাইকেলের আরোহী ছিলেন। তারা নাজির কাজীর মোড় এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা ৪-৫ জন দুর্বৃত্ত তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা প্রথমে মোটরসাইকেল চালক সাকিব ও আরোহী মোকলেছকে এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে সুযোগ বুঝে চালক সাকিব ঘটনাস্থল থেকে পালিয়ে প্রাণ বাঁচান। এরপর দুর্বৃত্তরা একা পেয়ে মোকলেছকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।

 

পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে দ্রুত গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোপালগঞ্জ মেডিকেল কলেজের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. এ কে এম সিরাজুল ইসলাম জানান, রাত ৮টার দিকে মোকলেছ মোল্যা নামে ওই ব্যক্তিকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে আনা হয়। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

 

এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, হত্যাকাণ্ডের খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

 

তিনি আরও জানান, এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি, তবে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন