গোপালগঞ্জ জেলার দুটি ভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আপন দুই ভাইকে আটক করেছে র্যাব-৬ (ভাটিয়াপাড়া ক্যাম্প)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে জেলার কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এবং সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে আটককৃতদের কাছ থেকে মোট ২৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে যাত্রীবাহী বাসে করে মাদকের একটি বড় চালান পাচার করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল কাশিয়ানীর ভাটিয়াপাড়া মোড় এবং সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে অবস্থান নেয়।
এ সময় সন্দেহভাজন দুটি বাস দোলা পরিবহন ও ইমাদ পরিবহনে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাস দুটি থেকে ইব্রাহিম তালুকদার ও তার আপন ভাই নয়ন তালুকদারকে আটক করে র্যাব। পরবর্তীতে তাদের সঙ্গে থাকা দুটি ড্রাম তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় মোট ২৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাশিয়ানী ও গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে আসামিদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
ডিবিসি/এএমটি