গোপালগঞ্জে আদালত চলাকালীন বিচারকের ছুড়ে মারা কাচের পেপার ওয়েটের আঘাতে এক শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফেটে গেছে। আহত ওই আইনজীবীকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বুধবার গোপালগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো. সুজন মিয়ার এজলাসে বিচারকাজ চলছিল। এ সময় পেছনের দিকের বেঞ্চে মক্কেল ও আইনজীবীদের কথা বলতে দেখে বিচারক ক্ষিপ্ত হয়ে একটি কাচের পেপার ওয়েট ছুড়ে মারেন। সেটি গিয়ে শিক্ষানবিশ নারী আইনজীবী সাবিহা সুলতানার মাথায় লাগলে তাৎক্ষণিকভাবে তাঁর মাথা ফেটে যায়। পরে দ্রুত তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুলকদর রহমান। তিনি বিচারকের এমন আচরণকে চরম অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন। অন্যদিকে, জেলা আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক ও জিপি অ্যাডভোকেট এম এ আলম সেলিম ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
এদিকে, ঘটনার বিষয়ে বক্তব্য জানতে বিচারক মো. সুজন মিয়ার ব্যক্তিগত মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি।
ডিবিসি/ এসভিএন