গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে ঢুকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আজ শুক্রবার (২৭ মার্চ) সকালে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই হামলার ঘটনা ঘটে। আহত রাসেল বিশ্বাস (২৫) উপজেলার বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের সাথে তার আপন ভাই পান্না বিশ্বাসের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে গত বৃহস্পতিবার রাতে পান্না বিশ্বাসের লোকজন রাসেল বিশ্বাসকে প্রথম দফায় মারধর করে। পরে শুক্রবার সকালে তাকে চিকিৎসার জন্য কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
রাসেল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় পান্না বিশ্বাসের পক্ষের শাওন বিশ্বাস, বাবু বিশ্বাস, মানিক বিশ্বাস, অনিক বিশ্বাস ও হাফিজুর বিশ্বাসসহ বেশ কয়েকজন হাসপাতালে ঢুকে চাইনিজ কুড়াল দিয়ে তাকে দ্বিতীয় দফায় কুপিয়ে মারাত্মক জখম করে। বর্তমানে রাসেলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
হামলার বিষয়ে জানতে অভিযুক্ত পান্না বিশ্বাসের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। কোটালীপাড়া থানার এসআই সুব্রত মালো বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এই ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিবিসি/টিবিএ