গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে অবৈধভাবে জ্বালানি তেল মজুত রাখা ও বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা ৫১০ লিটার জ্বালানি তেল স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি করে দেওয়া হয়।
সোমবার (৩০ মার্চ) গোয়েন্দা সংস্থা এনএসআই-এর দেওয়া তথ্যের ভিত্তিতে কাশিয়ানী উপজেলার রাজপাট বাজারে এই অভিযান পরিচালিত হয়। গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় এ অভিযানে নেতৃত্ব দেন এবং অভিযুক্ত দুই ব্যবসায়ীকে জরিমানা করেন।
জরিমানাপ্রাপ্ত দুই ব্যবসায়ী হলেন—কাশিয়ানী উপজেলার দইসারা গ্রামের আব্দুস সাত্তার মোল্লার ছেলে মো. আলমগীর মোল্লা (৬০) এবং একই গ্রামের সোবাহান খানের ছেলে রবিউল ইসলাম (২৯)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় জানান, কাশিয়ানী উপজেলার রাজপাট বাজারে ব্যবসায়ী মো. আলমগীর মোল্লা তাঁর দোকানে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে রেখেছেন—এমন গোপন সংবাদ পায় গোয়েন্দা সংস্থা এনএসআই। পরে এনএসআই সদস্যদের উপস্থিতিতে ওই দোকানে অভিযান চালিয়ে মজুত রাখা ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। অবৈধভাবে তেল মজুতের দায়ে ব্যবসায়ী মো. আলমগীর মোল্লাকে ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। পরে জরিমানার টাকা জমা দিয়ে তিনি ছাড়া পান।
অপরদিকে, একই বাজারে অভিযান চালিয়ে লাইসেন্স ছাড়া জ্বালানি তেল বিক্রির দায়ে ব্যবসায়ী রবিউল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, জব্দ করা জ্বালানি তেল পরে আগ্রহী কৃষকদের কাছে বিক্রি করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। জনস্বার্থে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে এনএসআই কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ডিবিসি/কেএলডি