গোপালগঞ্জ সদর উপজেলায় তিনটি অবৈধ ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ভাটাগুলোর কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দিনব্যাপী পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে অবৈধ ইটভাটা বিরোধী এ মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে শেখ ব্রিকস, মোল্লা ব্রিকস ও গাজী ব্রিকসকে বিভিন্ন অংকের জরিমানা ধার্য করে তা তাৎক্ষণিক আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল ভ্রাম্যমাণ আদালতে বিচারিক দায়িত্ব পালন করেন। প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক মনিরুজ্জামান শেখ।
অভিযান চলাকালে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। জেলা পুলিশ, আনসার বাহিনী ও ফায়ার সার্ভিস অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজুর রহমান জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে এই তিনটি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানের সময় ভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং এক্সক্যাভেটর (স্কেভেটর) ও পেলোডারের সাহায্যে কিলন ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
তিনি আরও জানান, জেলায় বায়ুদূষণ নিয়ন্ত্রণে এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
ডিবিসি/এসএফএল