বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে ছাড়িয়ে শীর্ষে উঠে এসেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।
ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলের নাটকীয় সেমিফাইনালে নিজে জালের দেখা না পেলেও দলের জয়ে দারুণ প্রভাব রেখেছেন তিনি। সতীর্থদের দিয়ে দুটি গোল করিয়ে টানা দ্বিতীয়বারের মতো বর্তমান চ্যাম্পিয়নদের ফাইনালে তোলার অন্যতম কারিগর ছিলেন মেসি।
আটলান্টায় অনুষ্ঠিত এই ম্যাচে জোড়া অ্যাসিস্টের সুবাদে এবারের বিশ্বকাপে মেসির মোট অ্যাসিস্টের সংখ্যা দাঁড়িয়েছে চারটিতে। বর্তমানে মেসি এবং এমবাপ্পে, দুজনেরই গোলসংখ্যা সমান ৮টি করে। তবে বিশ্বকাপের নিয়ম অনুযায়ী সমান গোল থাকলে অ্যাসিস্টের সংখ্যা বিবেচনা করা হয়। সেই হিসেবে এমবাপ্পের ৩টি অ্যাসিস্টের তুলনায় ৪টি অ্যাসিস্ট নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে এখন সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছেন মেসি। ফলে তালিকায় দ্বিতীয় স্থানে নেমে গেছেন এমবাপ্পে।
এই দুই তারকার পাশাপাশি গোল্ডেন বুটের লড়াইয়ে আছেন আরও বেশ কয়েকজন। ৭টি গোল নিয়ে নরওয়ের আর্লিং হলান্ড আছেন তৃতীয় অবস্থানে। এছাড়া ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম ও হ্যারি কেইন প্রত্যেকেই ৬টি গোল এবং ১টি করে অ্যাসিস্ট করেছেন। ফ্রান্সের উসমান দেম্বেলে ৫টি গোল ও ২টি অ্যাসিস্ট এবং স্পেনের মিকেল ওইয়ারসাবাল ৫টি গোল ও ১টি অ্যাসিস্ট নিয়ে গোলদাতাদের তালিকায় রয়েছেন।
শীর্ষ এই সাতজন খেলোয়াড়ের মধ্যে আর্লিং হলান্ড ছাড়া বাকি ছয়জনের সামনেই নিজেদের পরিসংখ্যান সমৃদ্ধ করার আরও একটি করে ম্যাচ খেলার সুযোগ থাকছে। আগামী শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও ইংল্যান্ড। এরপর রোববারের বহুল প্রতীক্ষিত ফাইনালে শিরোপা ধরে রাখার লক্ষ্যে স্পেনের বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা।
ডিবিসি/এসভিএন