খেলাধুলা, ফুটবল

গোল্ডেন বুট জিততে ফাইনালে অসম্ভবকে সম্ভব করতে হবে মেসিকে!

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বকাপ শিরোপা এবং গোল্ডেন বল জয়ের স্বাদ পেলেও লিওনেল মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারে এখনো অধরা বিশ্বকাপের গোল্ডেন বুট। আজ স্পেনের বিপক্ষে ফাইনালে সেই আক্ষেপ ঘোচানোর শেষ সুযোগ তাঁর সামনে। তবে কাজটা মোটেও সহজ নয়, কারণ তাঁর মূল প্রতিদ্বন্দ্বী ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে এবারের আসরে এমবাপ্পের মোট গোলসংখ্যা এখন ১০টি। অন্যদিকে মেসির গোল ৮টি। দুজনেরই অ্যাসিস্ট সংখ্যা ৪টি করে। আজ স্পেনের বিপক্ষে জোড়া গোল করলেও মেসির জন্য গোল্ডেন বুট জেতা কঠিন হবে। নিয়ম অনুযায়ী, গোল ও অ্যাসিস্ট সমান হলে যে খেলোয়াড় মাঠে কম সময় কাটিয়েছেন, তিনিই এই পুরস্কার পান। এমবাপ্পে টুর্নামেন্টে খেলেছেন ৭৬৯ মিনিট, আর মেসি ৭১২ মিনিট। ফাইনালে ৫৮ মিনিট মাঠে থাকলেই মেসির খেলা সময় এমবাপ্পেকে ছাড়িয়ে যাবে।

 

ফলে গোল্ডেন বুট নিজের করে নিতে মেসির সামনে মূলত দুটি সমীকরণ রয়েছে। প্রথমত, স্পেনের বিপক্ষে ফাইনালে হ্যাটট্রিক করা, যার মাধ্যমে তিনি ১১ গোল নিয়ে এমবাপ্পেকে ছাড়িয়ে যাবেন। দ্বিতীয়ত, দুটি গোলের পাশাপাশি অন্তত একটি অ্যাসিস্ট করা। এমনটি হলে তাঁর গোল ১০টি হলেও ৫টি অ্যাসিস্টের সুবাদে তিনি গোল্ডেন বুট জয় করতে পারবেন।

 

ইতিহাস বলছে, বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করাটা বিরল ঘটনা। এখন পর্যন্ত মাত্র দুজন খেলোয়াড় এই কীর্তি গড়তে পেরেছেন, ১৯৬৬ সালে ইংল্যান্ডের জিওফ হার্স্ট এবং ২০২২ সালে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। তবে মজার বিষয় হলো, এবারের আসরেই আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে নিজের ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

 

ইউরোপ সেরা দল স্পেনের বিপক্ষে সেই হ্যাটট্রিকের পুনরাবৃত্তি করাটা আলজেরিয়ার তুলনায় অনেক বড় পার্থক্য গড়ে দিলেও, অসম্ভবকে সম্ভব করাই মেসির ক্যারিয়ারের চেনা গল্প। রয়টার্সের তথ্য অনুযায়ী, ফাইনালের আগে শেষ অনুশীলনে দি পল ও পারেদেসদের সঙ্গে মেসিকে বেশ উচ্ছল দেখা গেছে।

 

মেসি কি পারবেন এই কঠিন সমীকরণ মিলিয়ে গোল্ডেন বুট জয় করতে? এই প্রশ্নের উত্তর মিলবে আজ বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হতে যাওয়া মেগা ফাইনালে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন