আর মাত্র কয়েক ঘণ্টা পরই পর্দা উঠছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফুটবল বিশ্বকাপের নতুন অধ্যায়ের। প্রথমবারের মতো ৪৮টি দলের অংশগ্রহণে এবং মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে আজ থেকে শুরু হতে যাচ্ছে এই মহাযজ্ঞ, যা ইতোমধ্যেই ফুটবল উন্মাদনায় রাঙিয়ে তুলেছে গোটা পৃথিবীকে।
মাঠের লড়াই, তারকাদের ঝলক, কোটি মানুষের আবেগ আর স্বপ্ন, সব মিলিয়ে ফুটবল বসন্তে যেন একাকার হয়ে গেছে বিশ্ব। আগামী এক মাসের বেশি সময় ধরে গ্রেটেস্ট শো অন আর্থের মোহময় আবেশে ডুবে থাকবে ফুটবলপ্রেমীরা।
ফুটবলকে বলা হয় আমজনতার খেলা, যা হাজার মাইলের দূরত্ব মুছে দিয়ে আর্জেন্টিনা থেকে বাংলাদেশকে গেঁথে দেয় একই আবেগের সুতোয়, কিংবা ব্রাজিলের হৃদয়ে এঁকে দেয় লাল-সবুজ বাংলাদেশের প্রতিচ্ছবি। ফুটবল তাই শুধু একটি খেলা নয়; এটি ভালোবাসার ভাষা, হৃদয়ের সংযোগ এবং মানুষের মিলনের সেতুবন্ধন। ফুটবলের এই বিশাল ক্যানভাস এবার ভরে উঠবে শত রঙে ও অসংখ্য গল্পে। তিন দেশের যৌথ আয়োজনে বিশ্বকাপ ঘিরে আয়োজক ও অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে উচ্ছ্বাস-উদ্দীপনার কমতি নেই। তবে এর মধ্যেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে যুক্তরাষ্ট্র; বিভিন্ন দেশের খেলোয়াড়, কর্মকর্তা ও রেফারিদের সঙ্গে দেশটির আচরণ নিয়ে একের পর এক অভিযোগ উঠছে।
এই বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮টি দেশের ৪৮টি জাতীয় সংগীত ধ্বনিত হবে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল মঞ্চে। ১,২৪৮ জন ফুটবলার বহন করবেন কোটি কোটি মানুষের স্বপ্ন। তাদের দুই পায়ের কারুকাজেই রচিত হবে নতুন ইতিহাস এবং উচ্ছ্বাসে ভাসবে গোটা ফুটবল বিশ্ব। শিরোপা জয়ে হয়তো উঠে আসবে নতুন কোনো দেশ, কিংবা পুরোনোদের মধ্যেই কেউ দেখাবে শ্রেষ্ঠত্ব। ফুটবলের এই মহোৎসবে এখন বুদ হয়ে থাকার সময়।
ডিবিসি/এফএইচআর