দেশে চলমান তীব্র গ্যাস সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের অন্যতম বৃহৎ দুটি সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে গত বুধবার (৪ মার্চ) বিকেল থেকে কারখানা দুটিতে উৎপাদন পুরোপুরি স্থগিত করা হয়।
শিল্পখাতে গ্যাস সরবরাহ সীমিত করার সরকারি সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়েছে এই কারখানাগুলোতে। কারখানার শ্রমিক-কর্মচারীরা জানিয়েছেন, সার উৎপাদন সম্পূর্ণভাবে গ্যাসনির্ভর একটি প্রক্রিয়া। নিরবচ্ছিন্ন ও পর্যাপ্ত চাপের গ্যাস ছাড়া উৎপাদন চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং কম চাপের গ্যাসে উৎপাদন অব্যাহত রাখলে কারখানার মূল্যবান যন্ত্রপাতির ব্যাপক ক্ষতির আশঙ্কা থাকে। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়েই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উৎপাদন বন্ধ থাকার কারণে সিইউএফএল-এর দৈনিক প্রায় ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হচ্ছে। অন্যদিকে, কাফকোর দৈনিক প্রায় ১ হাজার ৭২৫ মেট্রিক টন ইউরিয়া এবং ১ হাজার ৫০০ মেট্রিক টন অ্যামোনিয়া উৎপাদনও বর্তমানে স্থগিত রয়েছে।
হঠাৎ উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় বাজারে সার সরবরাহ নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হলেও গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়া মাত্রই দ্রুত উৎপাদন চালুর আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। তবে এ বিষয়ে কারখানা দুটির কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। উল্লেখ্য, গত বছরের ১ নভেম্বর দীর্ঘ সাড়ে ছয় মাস বন্ধ থাকার পর রাষ্ট্রায়ত্ত সিইউএফএল চালু করা হলেও যান্ত্রিক ত্রুটি ও গ্যাস সংকটের কারণে তা বারবার হোঁচট খেয়েছে। একইভাবে গত বছরের অক্টোবরে অভ্যন্তরীণ সমস্যার কারণে কাফকোর উৎপাদনও প্রায় ১৫ দিন বন্ধ ছিল।
ডিবিসি/পিআরএএন