আন্তর্জাতিক, অন্যান্য

গ্রিসে কয়েক মিনিটের ব্যবধানে জোড়া দাবানলে নিহত ২, দগ্ধ অন্তত ১০

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গ্রিসের রাজধানী এথেন্সের নিকটবর্তী একটি দ্বীপে প্রায় একই সময়ে দুটি পৃথক দাবানল ছড়িয়ে পড়ার ঘটনায় কমপক্ষে দুজন নিহত এবং শত শত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। গত রবিবার (১৬ আগস্ট) বিকেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

দ্বীপের দক্ষিণ উপকূল এবং পূর্বাঞ্চলে প্রায় কয়েক মিনিটের ব্যবধানে দুটি আগুন লাগার ঘটনা ঘটে। প্রবল বাতাস ও উচ্চ ঝুঁকিপূর্ণ আবহাওয়ার কারণে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। প্রথম আগুনটি দক্ষিণ উপকূলের পেরিসতেরিয়া নামক মিশ্র আবাসিক ও বনভূমিতে এবং দ্বিতীয়টি সেলিনিয়া শহরে দেখা দেয়। অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা আগুন দুটিকে একত্রিত হওয়া থেকে রোধ করতে মরিয়া চেষ্টা চালিয়ে যান।


দুর্ঘটনার খবর পেয়ে প্রায় ২০০ জন অগ্নিনির্বাপক কর্মী, ৫০টি ফায়ার ইঞ্জিন এবং বেশ কয়েকটি বিমান ও জলকামান মোতায়েন করা হয়। আগুন নিয়ন্ত্রণে ৫টি টহল নৌকা ছাড়াও স্থানীয় প্রশাসন ও বেসরকারি উদ্যোগে বেশ কিছু জলযান উদ্ধারকাজে অংশ নেয়। এ পর্যন্ত সমুদ্রপথে প্রায় ৫০০ জনের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।


গ্রিসের স্বাস্থ্যমন্ত্রী আদনিস জর্ভিয়াদেস সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, এই অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন ব্যক্তি দগ্ধ হয়েছেন অথবা ধোঁয়ার কারণে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগেছেন। এদের মধ্যে পাঁচজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে ঠিক কী কারণে এই ভয়াবহ আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। উল্লেখ্য, এথেন্সের ঠিক পশ্চিমে অবস্থিত সালামিনা দ্বীপে প্রায় ৩৭,০০০ মানুষের বসবাস, যার একটি বড় অংশই প্রবীণ।


সূত্র: বিবিসি


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন