আন্তর্জাতিক

গ্রিসে দাবানল নেভাতে গিয়ে মাঝআকাশে ২ হেলিকপ্টারের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গ্রিসের অ্যাথেন্সের উত্তর-পশ্চিমে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় রোববার অগ্নিনির্বাপক কাজে ব্যবহৃত দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দাবানলে ইতোমধ্যে শতাধিক বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। একই সময়ে দেশটির জনপ্রিয় পর্যটন দ্বীপ কেফালোনিয়াতেও নতুন করে আগুন ছড়িয়ে পড়ায় স্থানীয়দের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

গ্রিসের ফায়ার সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, অ্যাথেন্সের পশ্চিমে অ্যাটিকা অঞ্চলের পসাথা এলাকায় আগুন নেভানোর কাজ করার সময় হেলিকপ্টার দুটির মধ্যে এই সংঘর্ষ হয়। 'ফোরকাস্ট ওয়েদার গ্রিস' নামের একটি ফেসবুক পেজে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, নিচ দিয়ে উড়তে থাকা একটি হেলিকপ্টারের মূল রোটর উপরের হেলিকপ্টারটির নিচের অংশে আঘাত করে এবং সাথে সাথে আগুন ধরে সেটি বিধ্বস্ত হয়।

 

ওই ভিডিও ফুটেজে আরও দেখা যায়, সংঘর্ষের পর দ্বিতীয় হেলিকপ্টারটি তার সংগ্রহে থাকা পানি নিচে ফেলে দিয়ে নিরাপদে উড়ে চলে যায়।

 

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনায় পড়া একটি হেলিকপ্টারের ক্রুদের অবস্থান শনাক্ত করা হয়েছে এবং তারা নিরাপদে আছেন। তাদের ফিরিয়ে আনতে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। এছাড়া দ্বিতীয় হেলিকপ্টারটির অবস্থানও শনাক্ত করা হয়েছে এবং এর ক্রুদের উদ্ধারে জোর তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

 

চলতি গ্রীষ্মে রেকর্ডভাঙা দাবদাহ ও বৃষ্টিপাতের অভাবের কারণে পুরো ইউরোপ জুড়েই ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই এই চরম পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সপ্তাহান্তে ফ্রান্স ও স্পেনে দাবানল কিছুটা নিয়ন্ত্রণে আসার লক্ষণ দেখা গেলেও, তুলনামূলক শান্ত থাকা গ্রিসে নতুন করে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।

 

সূত্র: রয়টার্স

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন