গ্রিসের সিফনস দ্বীপে মর্মান্তিক এক হেলিকপ্টার দুর্ঘটনায় এক তরুণ ব্রিটিশ দম্পতি ও তাদের পাইলট নিহত হয়েছেন। গতকাল সোমবার (১৭ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই দম্পতি হলেন আলেকজান্ডার ক্রোমি ও মারি এবার্ট। গ্রিসে হানিমুন বা মধুচন্দ্রিমা উদ্যাপন করতে গিয়েছিলেন তারা। ব্যক্তিগত বেল ২০৬ মডেলের হেলিকপ্টারটি ল্যান্ডিং প্যাডের মাত্র কয়েক মিটার দূরে বিধ্বস্ত হয়। এতে ওই দম্পতি এবং গ্রিক নাগরিক এক পাইলট ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ জানিয়েছে, দম্পতিটি এথেন্সের কাছের মার্কোপুলো গ্রাম থেকে জনপ্রিয় অবকাশ যাপন কেন্দ্র সিফনস দ্বীপে যাওয়ার জন্য হেলিকপ্টারটি নিয়েছিলেন।
যুক্তরাজ্যের ফরেন অফিস এক বিবৃতিতে জানিয়েছে, এই কঠিন সময়ে নিহতদের পরিবারের পাশে রয়েছে তারা এবং প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা প্রদান করা হচ্ছে। গ্রিক কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট এভিয়েশন কোম্পানির সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে।
পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, স্থানীয় সময় সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের নির্ধারিত ল্যান্ডিং সময়ের ঠিক আগেই এই দুর্ঘটনা ঘটে। সিফনসের ডেপুটি মেয়র ইয়ানিস রাফেলেতোস জানান, এই ঘটনায় দ্বীপের বাসিন্দারা গভীরভাবেই স্তম্ভিত। স্থানীয়রা জানান, অবতরণের ঠিক আগ মুহূর্তে হেলিকপ্টারটি থেকে অদ্ভুত এক ইঞ্জিনের শব্দ পাওয়া যাচ্ছিল এবং এটি বাড়িঘরের মাত্র কয়েক মিটার দূরে বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার পর পরই সেখানে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করেন এবং সোমবার সন্ধ্যার মধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।
সূত্র: বিবিসি
ডিবিসি/ এসভিএন