বিশ্বকাপের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মিশনে ভোরে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। দীর্ঘ অপেক্ষা শেষে এই ম্যাচ দিয়ে সেলেসাও জার্সিতে ফিরছেন নেইমার। তবে ইনজুরি ছিটকে দিয়েছে রাফিনিয়াকে। স্কটিশদের হারিয়ে গ্রুপ সেরা হয়ে নকআউটে পা রাখতে চায়, আনচেলত্তি শিষ্যরা। বিপরীতে ব্রাজিলকে রুখে দিয়ে রাউন্ড অব থার্টি টু'র স্বপ্ন বাঁচিয়ে রাখতে চায় স্কটল্যান্ড।
হাইতির বিপক্ষে উড়ন্ত জয়ে হারানো আত্মবিশ্বাস সঙ্গী ব্রাজিলের। স্কটল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে গ্রুপ সেরা হওয়ার মিশন এখন সেলেসাওদের সামনে। দীর্ঘ ইনজুরি কাটিয়ে খেলবেন নেইমার। দলের সঙ্গে পুরোদমে অনুশীলন সম্পন্ন করেছেন দেশটির সর্বোচ্চ গোলদাতা।
নেইমারের ফেরা স্বস্তি দিলেও রাফিনিয়ার ইনজুরি নতুন করে চিন্তায় ফেলেছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নদের। স্কটিশদের বিপক্ষে রাফিনিয়া না খেলায় শক্তি কমবে আক্রমণভাগে। শুরুর একাদশে নেইমারের না থাকা নিশ্চিত। তাই দারুণ ফর্মে থাকা ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গী হতে যাচ্ছেন হাইতির বিপক্ষে জোড়া গোল করা ম্যাথুস কুনিয়া। উইংয়ে লুকাস পাকেতার সঙ্গে রায়ান।
মাঝ মাঠে ভরসা দুই অভিজ্ঞ ক্যাসেমিরো ও ব্রুনো গিমারেজ। ডিফেন্স সেন্টার ব্যাক মার্কিনিওস ও গ্যাব্রিয়েল। লেফট ব্যাক ডগলাস সান্তোস ও রাইটে দানিলো। স্কটল্যান্ড বধে ৪-২-৩-১ ফরমেশন হতে পারে আনচেলত্তির প্রথম পছন্দ।
একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল। স্কটিশদের বড় ব্যবধানে হারালে মিলবে গ্রুপসেরার টিকিট।
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেন, আমার মনে হয়, হাইতির বিপক্ষে প্রথমার্ধে আমরা যা করেছিলাম সেটিই পুনরাবৃত্তি করার চেষ্টা করতে হবে। বল পায়ে তীব্রতা বজায় রাখা, নির্ভুল থাকা এবং ভুল ও পজেশন হারানো এড়িয়ে চলতে হবে। দল অনুশীলনে উন্নতি করছে এবং আমি ভাল ফলাফলের জন্য আত্মবিশ্বাসী। নেইমারও খেলার জন্য প্রস্তুত। সে এই সপ্তাহে ভালো অনুশীলন করেছে এবং ম্যাচের জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়েছে।
ডিবিসি/এইচএপি