গ্র্যান্ড স্ল্যামের ইতিহাসে রেকর্ড প্রাইজমানি ঘোষণা করেছে ইউএস ওপেন কর্তৃপক্ষ। এবারের আসরে মোট প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে ১০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা গত বছরের তুলনায় ২০ শতাংশ বেশি। আগামী ৩০ আগস্ট রবিবার থেকে পর্দা উঠবে এই টুর্নামেন্টের।
নতুন কাঠামো অনুযায়ী, একক বিভাগে চ্যাম্পিয়নরা প্রত্যেকে পাবেন ৫৫ লাখ ডলার, যা ২০২৫ সালের তুলনায় ১০ শতাংশ বেশি। তবে এবারের প্রাইজমানিতে সবচেয়ে বড় চমক দেখা গেছে প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়া খেলোয়াড়দের জন্য। প্রথম রাউন্ডে পরাজিত খেলোয়াড়রা পাবেন ১ লাখ ৪০ হাজার ডলার, যা গত আসরের চেয়ে ৩০ হাজার ডলার বা ২৭ শতাংশ বেশি। মূলত প্রাথমিক রাউন্ডের খেলোয়াড়দের সহায়তার উদ্দেশ্যেই এই বড় অঙ্কের বৃদ্ধি করা হয়েছে।
পাশাপাশি বাছাই পর্বের সময়ে আয়োজিত মিশ্র দ্বৈত ইভেন্টেও পুরস্কারের অর্থ বৃদ্ধি করা হয়েছে; যেখানে চ্যাম্পিয়নরা যৌথভাবে ১০ লাখ ডলার পাবেন এবং প্রথম রাউন্ডে বিদায় নেওয়া জুটির অর্থ দ্বিগুণ করা হয়েছে।
মোট প্রাইজমানির মধ্যে ২০ লাখ ডলার বরাদ্দ রাখা হয়েছে খেলোয়াড় কল্যাণ তহবিলের জন্য, যা দীর্ঘদিন ধরে শীর্ষ খেলোয়াড়দের অন্যতম দাবি ছিল। খেলোয়াড়দের প্রতিনিধিরা প্রতিটি গ্র্যান্ড স্ল্যামের কাছে কল্যাণ তহবিলের জন্য ৪০ লাখ ডলার অনুদানের দাবি জানালেও ইউএস টেনিস অ্যাসোসিয়েশন (ইউএসটিএ) প্রথম সংস্থা হিসেবে এই অর্থ আলাদা করার উদ্যোগ নিয়েছে। এই সহায়তামূলক কার্যক্রমের অর্থ একটি স্বাধীন অ্যাকাউন্টে রাখা হবে।
একই সঙ্গে চারটি গ্র্যান্ড স্ল্যাম কর্তৃপক্ষ যৌথভাবে ‘গ্র্যান্ড স্ল্যাম প্লেয়ার কাউন্সিল’ গঠনের ঘোষণা দিয়েছে। টুর্নামেন্টের বিভিন্ন বিষয়ে নিজেদের দাবি তুলে ধরতে ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনে কিছু খেলোয়াড় সংবাদ সম্মেলনে সময় কমিয়ে দিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন। ইউএস ওপেনের পর এই কাউন্সিলের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে, যেখানে খেলোয়াড়রা সরাসরি টুর্নামেন্ট কর্তৃপক্ষের সাথে প্রাইজমানি ও অন্যান্য ক্রীড়া সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে পারবেন। খেলোয়াড়দের আরেকটি মূল দাবি হলো, প্রতিটি গ্র্যান্ড স্ল্যামের আয়ের ১৬ শতাংশ প্রাইজমানি হিসেবে দেওয়া, যা ২০৩০ সালের মধ্যে ২২ শতাংশে উন্নীত করা।
ইউএসটিএ-র প্রধান নির্বাহী ক্রেইগ টাইলি এই উদ্যোগকে ক্রীড়াবিদদের পেছনে দীর্ঘমেয়াদী বিনিয়োগের একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। টুর্নামেন্টের মূল পর্ব শুরুর আগেই তাদের ২০২৫ সালের আর্থিক বিবরণী প্রকাশ করা হবে বলে জানিয়েছে ইউএসটিএ। খেলোয়াড়দের প্রতিনিধিরা এই ঘোষণাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছেন। এদিকে চার মাস মাঠের বাইরে থাকার পর এবারের ইউএস ওপেনের মাধ্যমে কোর্টে ফিরছেন গত বছরের একক চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ।
সূত্র: বিবিসি স্পোর্টস