ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে পরপর তিনটি বাস ও একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার সকাল সাড়ে সাতটার দিকে মহাসড়কের কুচিয়ামোড়া কলেজ গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঘন কুয়াশা এবং চালকদের সতর্কতার অভাব ও বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো সরিয়ে নেয়, ফলে যান চলাচল স্বাভাবিক হয়। আহত পাঁচজনের অবস্থা গুরুতর নয় বলে নিশ্চিত করেছে পুলিশ।
ডিবিসি/এমইউএ