জেলার সংবাদ

ঘন ঘন লোডশেডিংয়ে বরফ সংকট, থমকে গেছে সাগরের ইলিশ শিকার

পটুয়াখালী প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইলিশের ভরা মৌসুমেও পটুয়াখালীর মহিপুর ও আলীপুর মৎস্যবন্দরে নেমেছে স্থবিরতা। সাগরে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও তীব্র বরফ সংকটের কারণে ঘাটে আটকে আছে শত শত মাছ ধরার ট্রলার। ঘন ঘন লোডশেডিং এবং বিদ্যুৎ ঘাটতির ফলে বরফকলগুলোর উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সাগরে দীর্ঘ সময় কাটিয়ে মাছ শিকার ও তা সংরক্ষণের প্রধান মাধ্যম হলো বরফ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে পর্যাপ্ত বরফ না পাওয়ায় জেলেরা সাগরে যাওয়ার ঝুঁকি নিতে পারছেন না।

 

স্থানীয় জেলেরা ক্ষোভ প্রকাশ করে জানান, কয়েক দিন আগেও এক ক্যান বরফ ১৫০ টাকায় পাওয়া যেত। এখন সেই বরফ কিনতে ৪০০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে। দাম বাড়লেও প্রয়োজন অনুযায়ী বরফ পাওয়া যাচ্ছে না।’

 

ব্যবসায়ী ও প্লান্ট মালিকদের সূত্রে জানা গেছে, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বরফকলগুলো তাদের পূর্ণ সক্ষমতায় চলতে পারছে না। চাহিদার তুলনায় উৎপাদন অনেক কমে যাওয়ায় বাজারে তীব্র সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে।

 

বাচ্চু আইস প্লান্টের ম্যানেজার সবুজ বলেন, বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের কারণে নির্ধারিত সময় অনুযায়ী বরফ উৎপাদন করা সম্ভব হচ্ছে না। উৎপাদন কমে যাওয়ায় চাহিদার তুলনায় সরবরাহ ঘাটতি তৈরি হয়েছে।

 

মৌসুমের এই সময়ে সাগরে প্রচুর ইলিশ পাওয়ার আশা থাকলেও বরফ সংকটের কারণে ট্রলার নিয়ে সাগরে নামতে না পারায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ট্রলার মালিক ও জেলেরা। দ্রুত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে বরফকলগুলো সচল রাখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।


ডিবিসি/এমএনকে

আরও পড়ুন