ঘুষ নেয়ার সময় ধরা পড়া বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তখনকার জুনিয়র লাইসেন্স ইন্সপেক্টর অ্যান্ড কনসালটেন্ট এইচ এম রাশেদ সরকারকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। এ ছাড়া, তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
মামলার বিবরণে বলা হয়, বেবিচকের কমার্শিয়াল পাইলট লাইসেন্সের প্রথম ধাপ এয়ার ল’ পরীক্ষায় ২০১৮ সালে উত্তীর্ণ হন রাকিব হাসান নামের একজন। পরবর্তী ধাপ কম্পোজিট পরীক্ষার জন্য তিনি ২০১৯ সালের ২ সেপ্টেম্বর ৪ হাজার টাকা জমা দিয়ে আবেদন করেন। কিন্তু বেবিচকের জুনিয়র লাইসেন্স ইন্সপেক্টর অ্যান্ড কনসালটেন্ট রাশেদ সরকার অনলাইন সিস্টেমে ওই আবেদন বাতিল করেন।
তিনি কম্পোজিট পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়ার কথা বলে মোবাইলে রাকিবের কাছে এক লাখ টাকা ঘুষ দাবি করেন। রাকিব ৬ ডিসেম্বর উত্তরার ১৩ নম্বর সেক্টরে বিএফসিতে গিয়ে ওই টাকা দিয়ে আসেন। এ সময় দুদকের ফাঁদ টিমের সদস্যরা রাশেদকে ধরে ফেলেন। এ ঘটনায় দুদকের সহকারী পরিচালক তাহাসিন মুনাবীল হক সেদিনই দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে দুদকের উপপরিচালক জাহিদ কালাম ২০২২ সালের ৬ জুন আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০২৩ সালের ৬ মার্চ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। বিচার চলাকালে আদালত ২৪ জন সাক্ষীর মধ্যে ২৩ জনের সাক্ষ্যগ্রহণ করেন। আসামি নিজের পক্ষে সাফাই সাক্ষ্য দেন। আসামির আত্মপক্ষ শুনানি, মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করা হলো।
ডিবিসি/এইচএপি