জেলার সংবাদ

চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি, হাসপাতালে একই পরিবারের ৫ জন

চট্টগ্রাম (উত্তর) প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারের সঙ্গে চেতনানাশক বা ঘুমের ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ একই পরিবারের পাঁচ সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম কিছমত জাফরাবাদ এলাকার নওশা মিয়া চেয়ারম্যান বাড়িতে এ ঘটনা ঘটে। বুধবার সকালে স্বজনরা তাঁদের উদ্ধার করে স্থানীয় মিঠাছরা ডায়নামিক হাসপাতালে ভর্তি করান।

অসুস্থ ব্যক্তিরা হলেন ওই বাড়ির মৃত মাঈন উদ্দিনের ছেলে বখতিয়ার উদ্দিন চৌধুরী (৪০), তাঁর স্ত্রী জেরিন (৩০), মৃত জয়নাল হুদার ছেলে শাহাবুদ্দিন চৌধুরী (৫০), তাঁর ছেলে ইরফান উদ্দিন চৌধুরী (২৮) ও তাঁর স্ত্রী মাইমুনা (২৫)।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা গোপনে রান্না করা ভাত ও তরকারির হাঁড়িতে চেতনানাশক ওষুধ মিশিয়ে রাখে। পরিবারের সদস্যরা রাতের খাবার খাওয়ার পর একে একে সবাই অচেতন হয়ে পড়েন। বুধবার সকালে পাশের ঘরের লোকজন তাঁদের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ সুযোগে দুর্বৃত্তরা নগদ লক্ষাধিক টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। একই রাতে পাশের আরেকটি ঘরেও চেতনানাশক মেশানোর চেষ্টা করা হলে বাড়ির সদস্যদের উপস্থিতির কারণে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

 

অসুস্থ বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, রাতের খাবার খাওয়ার পরপরই তিনি ও তাঁর স্ত্রীসহ পরিবারের সবাই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন। পরে স্বজনরা তাঁদের হাসপাতালে নিয়ে আসেন। চুরির উদ্দেশ্যেই খাবারের সঙ্গে বিষাক্ত কিছু মেশানো হয়েছিল এবং ঘর থেকে নগদ লক্ষাধিক টাকাসহ বিভিন্ন জিনিসপত্র লুট করা হয়েছে।

 

মিঠাছরা ডায়নামিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম জানান, সকালে অচেতন অবস্থায় নারী-পুরুষসহ পাঁচজন হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত রয়েছেন।

 

খবর পেয়ে মিরসরাই থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন