চট্টগ্রামের মিরসরাই উপজেলায় অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে মো. আলাউদ্দিন (৩৮) নামে এক উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত হয়েছেন।
রবিবার (৫ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আনসার কর্মকর্তা লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরবেদমা এলাকার বাসিন্দা।
জানা যায়, ওই আনসার কর্মকর্তা নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে মোটরসাইকেলযোগে পরিদর্শনে যাচ্ছিলেন। পথিমধ্যে উল্টোদিক থেকে আসা একটি দ্রুতগতির অটোরিকশার সাথে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শুভ্রা দাশ জানান, দুপুরে সড়ক দুর্ঘটনার শিকার ওই আনসার কর্মকর্তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসন এ বিষয়ে পরবর্তী করণীয় সম্পন্ন করছে।
এ প্রসঙ্গে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, ডিউটিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার কর্মকর্তা নিহত হয়েছেন। অভিযুক্ত অটোরিকশাটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে এবং নিহতের পরিবারকে দুর্ঘটনার খবর জানানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ডিবিসি/আরএসএল