চট্টগ্রামের পটিয়ায় এক ইউপি সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ উঠেছে। পরিবারের সদস্যরা বাড়ির বাইরে থাকার সুযোগে মুখোশপরা একদল অস্ত্রধারী ঘরের তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এ সময় বাড়ির পাশের ঘরে থাকা অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তাকে জিম্মি করে হাত-পা বেঁধে রড দিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (২৬ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা গ্রামে ইউপি সদস্য প্রবীর ভট্টাচার্যের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত বাবুল ভট্টাচার্য (৭৮) পুলিশের সাবেক উপপরিদর্শক (এসআই) এবং প্রবীর ভট্টাচার্যের চাচা।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রবীর ভট্টাচার্যের মেয়ে সন্তান প্রসব করায় পরিবারের সবাই চট্টগ্রাম নগরের একটি ক্লিনিকে ছিলেন। বাড়িতে তখন কেউ না থাকায় রাতের আঁধারে সাত থেকে আটজনের একটি মুখোশধারী দল সেখানে ঢোকে।
ডাকাতেরা প্রবীর ভট্টাচার্যের পাকা ঘরের দরজার তালা কেটে ভেতরে প্রবেশের চেষ্টা করলে বিষয়টি টের পান পাশের ঘরে থাকা বাবুল ভট্টাচার্য। পরে অস্ত্রের ভয় দেখিয়ে তাকে জিম্মি করা হয়। অভিযোগ অনুযায়ী একপর্যায়ে তাকে প্রবীরের ঘরে নিয়ে রশি দিয়ে হাত-পা বেঁধে রড দিয়ে মারধর করা হয় বলে।
প্রবীর ভট্টাচার্য বলেন, ডাকাতরা ঘরের আলমারি ভেঙে প্রায় ছয় ভরি স্বর্ণালংকার ও সাড়ে ৭ লাখ টাকা নিয়ে গেছে। লুট হওয়া টাকার মধ্যে জমি কেনার জন্য দুই দিন আগে ব্যাংক থেকে তোলা চার লাখ টাকাও ছিল।
তিনি আরও বলেন, ‘আমার চাচাকে বেঁধে মারধর করার পর ডাকাতরা ঘর থেকে টাকা ও স্বর্ণ নিয়ে চলে যায়।’
আহত বাবুল ভট্টাচার্য জানান, রাতে বাড়ির উঠানে বের হয়ে তিনি কয়েকজন অস্ত্রধারীকে দেখতে পান। কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে ঘিরে ফেলে জিম্মি করে। পরে মারধর করে রশি দিয়ে বেঁধে রাখা হয়। তার মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের কারণে ফুলে গেছে বলেও জানান তিনি।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সামা বিনতে সফিউল বলেন, বৃহস্পতিবার ভোরে মারধরে আহত বাবুল নামের এক ব্যক্তি হাসপাতালে আসেন। তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। তবে গুরুতর কোনো জখম না থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ঘটনাটি চুরি বলে মনে হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ডিবিসি/এসডব্লিউএন