জেলার সংবাদ

চট্টগ্রামে আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রামের আনোয়ারায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জামাল উদ্দিন (৫৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

শনিবার (৮ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের দক্ষিণ তৈলারদ্বীপ এলাকার ৯ নম্বর ওয়ার্ডের মোহসেন ডিলারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দিন উপজেলা বিএনপির সাবেক সদস্য ছিলেন।


স্থানীয়রা জানান, শনিবার রাতে জামাল উদ্দিনের চাচাতো ভাই মো. মুজিবের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়ে জামাল উদ্দিন দ্রুত সেখানে ছুটে যান। একপর্যায়ে আগুনের ঝুঁকি এড়াতে নিজের ঘরের আইপিএসের বৈদ্যুতিক সংযোগ বন্ধ করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।


বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত জামাল উদ্দিন ঘটনাস্থলেই পড়ে যান। পরে স্থানীয়রা তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তাঁর মৃত্যু হয়।


বারখাইন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাসির উদ্দিন বলেন, চাচাতো ভাইয়ের ঘরে আগুন লাগার খবর পেয়ে জামাল উদ্দিন সেখানে গিয়েছিলেন। পরে নিজের ঘরের আইপিএসের লাইন বন্ধ করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।


আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

ডিবিসি/এসভিএন

 

আরও পড়ুন