চট্টগ্রামে ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৭তম আসরে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে নগরের লালদীঘি মাঠে দিনব্যাপী প্রতিযোগিতা শেষে গতবারের রানারআপ রাশেদ বলীকে পরাজিত করে শিরোপা জেতেন তিনি। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ১০৮ জন বলীর অংশগ্রহণে জমে ওঠে এবারের আসর।
ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন বাঘা শরীফ ও রাশেদ বলীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। শুরু থেকেই দুজন আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকেন। ২৫ মিনিট ২৬ সেকেন্ডের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে অভিজ্ঞতা ও কৌশলে এগিয়ে থেকে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেন বাঘা শরীফ।
চ্যাম্পিয়ন বাঘা শরীফ কুমিল্লা জেলার হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মণিপুর গ্রামের বাসিন্দা। অন্যদিকে, রানারআপ রাশেদ বলীর বাড়ি কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের নসরাইল গ্রামে।
বলীখেলাকে কেন্দ্র করে লালদীঘি মাঠ সংলগ্ন এলাকায় বসা বৈশাখী মেলায় ছিল উপচে পড়া ভিড়। দিনভর কেনাবেচা, খাবারের স্টল ও বিনোদনের নানা আয়োজন ঘিরে সেখানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।
ডিবিসি/আরএসএল