বাংলাদেশ, জেলার সংবাদ

চট্টগ্রামে কলেজছাত্র সাজিদ হত্যা মামলার অন্যতম আসামি অনিক গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রামের চকবাজার এলাকায় বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আশফাক কবির সাজিদকে নির্মমভাবে হত্যা মামলার পলাতক আসামি অনিক দাসকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে আনোয়ারা থানাধীন সরকার হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৭ এর পক্ষ থেকে জানানো হয়েছে, আনোয়ারা এলাকায় আসামির অবস্থানের বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। আটকের পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে চকবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

নিহত সাজিদ নগরীর বাকলিয়া ডিসি রোড কবরস্থানের পাশের একটি ভাড়া বাসায় থাকতেন। জানা যায়, গত ১২ এপ্রিল বিকেলে বন্ধু ফারদিন হাসানের সঙ্গে দেখা করতে গিয়ে একদল দুর্বৃত্তের কবলে পড়েন তিনি। দুর্বৃত্তরা তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে থেকে পালানোর চেষ্টা করলে তাকে এলোপাতাড়ি মারধর করে ভবনের ৮ম তলার লিফটের খালি জায়গা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়।

 

পরবর্তীতে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনার পর নিহতের বাবা বাদী হয়ে চকবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন