কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগরের বন্দর থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে মিছিলের ব্যানারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বুধবার (৩০ জুলাই) সকালে বন্দর থানার আউটার রিং রোড সংলগ্ন গোসাইলডাঙ্গা আবুল হাশেম মসজিদের পাশ থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- চট্রগ্রাম জেলার সন্দ্বীপ থানাধীন মগধরা ২ নং ওয়ার্ডের মো. আবু তাহেরের ছেলে মো. সজীব আলী (১৯) ও বাঁশখালী থানার বাহাড়ছড়া ইউনিয়নের মোক্তার আহমেদের ছেলে মো. তানভীর (২১)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা বুধবার সকালে আনন্দবাজার সাগর পাড়ের পাশে আউটার রিং রোড এলাকা থেকে মিছিল নিয়ে বের হন। মিছিলটি গোসাইলডাঙ্গা আবুল হাশেম মসজিদ এলাকায় আসলে পুলিশ এতে ধাওয়া দেয়। এসময় বাকি আসামিরা পালিয়ে গেলেও সজীব আলী ও তানভীর নামে দুইজন পুলিশের হাতে ধরা পড়েন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা মিছিল করছেন এমন সংবাদ পেয়ে পুলিশ তাদের ঘটনাস্থল থেকে ধাওয়া করে। পরে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলার রুজু করে তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
ডিবিসি/এসডব্লিউএন