জেলার সংবাদ

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তা সাঈদ হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তা আকবর সাঈদ চৌধুরীকে হত্যার দুই দশক পর ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাঁচ আসামিকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। সোমবার বিকেলে চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আককাস এই রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- বেল্লাল হোসেন, ডালিম মল্লিক, কামাল সিকদার, আল আমিন, পনু ব্যাপারি ও মো. হোসেন। এদের মধ্যে কামাল সিকদার পলাতক রয়েছেন। 

 

দণ্ডপ্রাপ্তরা সবাই ছিনতাইকারী চক্র ‘গামছা পার্টির’ সদস্য। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি আবু তাহের জানান, বিচারক যাবজ্জীবন দণ্ডাদেশের পাশাপাশি আসামিদের ২৫ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন। অন্যদিকে, খালাসপ্রাপ্তরা হলেন- সেলিম, হুমায়ুন কবির, আবু তাহের, শহীদ রাজা ও জামাল।

 

নিহত আকবর সাঈদ চৌধুরী ছিলেন চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাটের প্রিভেনটিভ অফিসার। ২০০৬ সালের ২৯ আগস্ট রাতে মিরসরাই থেকে চট্টগ্রাম শহরে ফিরে অটোরিকশায় করে বাসায় যাচ্ছিলেন তিনি। এ সময় গামছা পার্টির সদস্যরা তার মালামাল ছিনিয়ে নেয় এবং গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যা করে ফেলে রেখে যায়। পরে নগরীর পাঁচলাইশ থানার নাসিরাবাদ আবাসিক এলাকার অংকুর স্কুলের সামনের মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

 

হত্যাকাণ্ডের পর নিহতের ভাই মঈন উদ্দিন সাঈদ চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি এই মামলার অভিযোগ গঠন করা হয় এবং দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় মোট ৩৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় প্রদান করেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন