বাংলাদেশ

চট্টগ্রামে খালাস হচ্ছে ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৭ই মে ২০২৬ ১২:২১:২৮ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রাখতে সৌদি আরব থেকে আমদানি করা এক লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) দেশে এসে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার (৭ মে) থেকে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) জেটিতে এই তেল খালাস প্রক্রিয়া শুরু হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় গত দুই মাস দেশে কোনো ক্রুড অয়েলবাহী জাহাজ আসতে পারেনি। এই পরিস্থিতিতে বিকল্প পথে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে গত ২১ এপ্রিল এক লাখ টন তেল নিয়ে রওনা দেয় চীনা জাহাজ 'নিনেমিয়া'। দীর্ঘ ১৫ দিনের যাত্রা শেষে বুধবার দুপুর সোয়া ১২টায় জাহাজটি চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়া অ্যাঙ্করেজে নোঙর করে।

 

জাহাজটি থেকে দ্রুত তেল খালাসের জন্য আগে থেকেই ছয়টি লাইটার জাহাজ প্রস্তুত রাখা হয়েছিল। প্রতিটি লাইটার জাহাজ একেক ট্রিপে প্রায় ৪ হাজার টন পর্যন্ত তেল পরিবহন করতে সক্ষম। সেই হিসাবে প্রতিদিন অন্তত ২৪ হাজার টন ক্রুড অয়েল খালাস করা সম্ভব হবে।

 

সৌদি আরব থেকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এবং সেখান থেকে পতেঙ্গার ইস্টার্ন রিফাইনারি পর্যন্ত এই তেল পরিবহনের সার্বিক দায়িত্ব পালন করছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক গণমাধ্যমকে জানিয়েছেন, চলতি মাসেই আরও দুই লাখ টন ক্রুড অয়েল নিয়ে দুটি জাহাজ দেশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন