চট্টগ্রাম নগরের হালিশহরে একটি আবাসিক ভবনে গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন বাকি পাঁচ জনের অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক।
মঙ্গলবার রাতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) প্রাণ হারান মো. সাখাওয়াত হোসেন (৪৬)। চিকিৎসকদের তথ্যমতে, তাদের শরীরের শতভাগ দগ্ধ হয়েছিল। এর আগে মঙ্গলবার দুপুরে মারা যান সাখাওয়াতের ছোট ভাই সামির আহমেদ সুমন (৪০)। আর গত সোমবার মারা যান সাখাওয়াতের স্ত্রী নুরজাহান আক্তার রানী (৪০) ও তাদের কিশোর ছেলে শাওন (১৬)।
গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে হালিশহর এইচ ব্লকের এসি মসজিদ সংলগ্ন ছয়তলা ভবন হালিমা মঞ্জিল-এর তৃতীয় তলায় এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। জানা গেছে, রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে এই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়লে একই পরিবারের নয়জন সদস্য গুরুতর দগ্ধ হন।
বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকেরা জানিয়েছেন, চিকিৎসাধীন প্রত্যেকের শরীরের বড় একটি অংশ দগ্ধ হয়েছে। তাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় শঙ্কা কাটছে না।
ডিবিসি/এসএফএল